বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নেত্রকোণা সদর উপজেলার ৬ নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ত কার্যক্রমে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এই প্রেক্ষাপটে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান।
তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা কামাল হোসেন খান দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। একজন সফল ব্যবসায়ী ও সৃজনশীল চিন্তার মানুষ হিসেবে তিনি এলাকায় সুপরিচিত। বর্তমানে তিনি আবু আব্বাস ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘তরী মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’। এছাড়াও ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সদস্য, ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব সফলভাবে পালন শেষে বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লক্ষ্মীগঞ্জ বাজারের মরহুম সহব্বত খানের সন্তান কামাল হোসেন খান সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে এলাকাবাসীর দাবি।
সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন ও সেবামুখী নেতৃত্বের প্রত্যাশায় অনেক ভোটারের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। বিশেষ করে বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
একান্ত সাক্ষাৎকারে মোঃ কামাল হোসেন খান বলেন, “লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের এখনও অনেক সড়ক কাঁচা রয়েছে। জনগণের সেবার লক্ষ্যে ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। নির্বাচিত হলে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত একটি আধুনিক উন্নত মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
