মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
উন্নয়ন, পরিচ্ছন্ন নগরী গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাজশাহী নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, নাগরিক ভোগান্তি নিরসন এবং আধুনিক সেবাব্যবস্থা নিশ্চিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন এবং নগর উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে মতামত প্রদান করেন।
এ সময় প্রশাসকের আন্তরিকতা ও ভালোবাসায় সিক্ত হন রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও জনস্বার্থে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
