উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আবুল কালাম (৬৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আত্মীয় মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।
প্রাথমিক তথ্যে জানা যায়, আবুল কালাম স্থানীয় সোহাগী বাজারে নিজের পুকুরের মাছ বিক্রি করে নগদ ৪ লক্ষ টাকাসহ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মমরেজপুর গ্রামের শেষ প্রান্তে আতকাপাড়া নামক স্থানে পৌঁছালে তাঁরই মামাতো ভাই আবুল কাসেম (৫৫) তাঁকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। ছুরিকাঘাতে আবুল কালাম গুরুতর আহত হন।

স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আবুল কালামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মমেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত আবুল কাসেম মমরেজপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, নিহত আবুল কালাম এবং অভিযুক্ত আবুল কাসেম একই বাড়ির পাশাপাশি ঘরের বাসিন্দা এবং পরস্পর মামাতো ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত আবুল কাশেমের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের খোজে পাওয়া না যাওয়ায় তাদের মন্তব্য জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম সহ পুলিশ টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। অভিযুক্ত আবুল কাসেমকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *