মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানে অতিরিক্ত দাম আদায় এবং অনিয়ম ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। এ সময় তিনি বিভিন্ন কাপড়ের দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মূল্যতালিকা, পণ্যের দাম এবং বিক্রয় কার্যক্রম তদারকি করেন।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। প্রতিটি দোকানে পণ্যের মূল্যতালিকা স্পষ্টভাবে টানিয়ে রাখতে হবে এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে হবে।
এ সময় কয়েকটি দোকানে অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ যেন সুযোগ নিয়ে অতিরিক্ত দাম আদায় করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *