মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও যৌথ বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ওরফে ঝন্টু (পিতা—মৃত আতিয়ার রহমান মিয়া) এবং মোঃ কালু মাতুব্বর (পিতা—মৃত রোকন মাতুব্বর)-এর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক সময়ে কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। ঘটনার পর উভয় পক্ষই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ইস্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে শান্ত করেন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
কাশিয়ানী থানা সূত্রে জানানো হয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সচেতন মহল ব্যক্তিগত ও জমি সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ না দিয়ে আইনগতভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *