মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রাম এলাকায় অবস্থিত ০২-ব্যাটালিয়ন আনসার সদর দপ্তর, গোপালগঞ্জ অফিসের রান্নাঘর সংলগ্ন এলাকায় একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যায়। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল তল্লাশি চালায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, সে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে গোটা গোপালগঞ্জ জেলায় নতুন করে উদ্বেগ ও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
