মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর ধাপ এলাকায় রোগী দালাল চক্র ও কথিত ল্যাব সিন্ডিকেটের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা।
অভিযোগে বলা হয়, চক্রের সদস্যরা “বাংলাদেশ ব্যাংক মোর থেকে রংপুর মেডিকেল মোর” এরিয়ায় বিভিন্ন বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিক এলাকায় অবস্থান নিয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বিভিন্ন ক্লিনিক ও অনুমোদনহীন ল্যাবে নিয়ে যায়। সেখানে অতিরিক্ত টাকা আদায়, ভুল তথ্য প্রদান এবং নিম্নমানের চিকিৎসা সেবার অভিযোগ রয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা।
স্থানীয় সূত্র জানায়, চিহ্নিত কয়েকজন দালাল দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে অতীতেও দালালি সংক্রান্ত মামলায় গ্রেফতারের অভিযোগ থাকলেও জামিনে বের হয়ে পুনরায় একই কার্যক্রমে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন, কিছু অসাধু ল্যাব মালিক ও দালাল চক্রের মধ্যে যোগসাজশ থাকায় এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, রোগীদের ভুল তথ্য দিয়ে নির্দিষ্ট ডাক্তার ও ল্যাবে নেওয়া হচ্ছে। এতে একদিকে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, অন্যদিকে অতিরিক্ত অর্থ ব্যয় করে সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরছেন অনেক পরিবার।
এ পরিস্থিতিতে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দালাল ও অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনারও দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *