মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) রাত ১২টা ৫০ মিনিটের দিকে হাজীরহাট থানাধীন ০১নং ওয়ার্ডের মন্থনা খামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আরপিএমপি, রংপুরের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি টিম ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান ও রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনা করছিল। এসময় মন্থনা খামারপাড়া গ্রামে মোঃ মোখলেছুর রহমান (৪৬) নামে এক ব্যক্তির বসতবাড়ির পাশে নিজ জমিতে গাঁজা গাছ চাষাবাদের সত্যতা পাওয়া যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত মোখলেছুর রহমান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযানে তার জমি থেকে ৮ ফুট ৮ ইঞ্চি লম্বা একটি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছটির ওজন ১ কেজি ৭৬০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
