মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নকে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নম্বর-৪৪,০০,০০০০.০০০.০৯৪.১৯.০০৮৫.২৫-২৯৩, তারিখ ১২ আগস্ট ২০২৬-এর আদেশে মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার পদ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। অন্যদিকে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ড ঘটে ২২ আগস্ট ২০২৬। ফলে সরকারি আদেশের তারিখ থেকেই স্পষ্ট যে, হত্যাকাণ্ডের ঘটনার আগেই তাঁর পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরপিএমপি জানায়, এ পদায়নকে হত্যাকাণ্ডের পর তাঁকে সরিয়ে দেওয়া বা হত্যাকাণ্ডের কারণে পদায়ন করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়। প্রশাসনিকভাবে পূর্বেই নেওয়া একটি সিদ্ধান্তকে পরবর্তী একটি চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করলে জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে।
এদিকে মাছুয়াপাড়ার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নেতৃত্ব ও সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর সমন্বিত তৎপরতার প্রশংসা করেছে আরপিএমপি। পুলিশের দাবি, ঘটনার পরপরই বিভিন্ন ইউনিট দ্রুত মাঠে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের প্রাথমিক রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মামলার গুরুত্বপূর্ণ আলামত ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের কথাও জানানো হয়েছে।
একটি পরিবারের চার সদস্যকে হত্যার মতো স্পর্শকাতর ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তদন্তে অগ্রগতি জনমনে স্বস্তি তৈরি করেছে বলে মনে করছে পুলিশ। আরপিএমপির ভাষ্য অনুযায়ী, পুলিশ কমিশনারের নিবিড় তদারকি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং মাঠপর্যায়ের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে, সঠিক তথ্য জনগণের জানার অধিকার এবং দায়িত্বশীল সাংবাদিকতা জনআস্থা বজায় রাখার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই যাচাই ছাড়া কোনো প্রশাসনিক সিদ্ধান্তকে অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরপিএমপি আরও জানায়, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনআস্থা অটুট রাখতে তারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সূত্র: রংপুর মেট্রোপলিটন পুলিশ, মিডিয়া সেল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *