রাজশাহী প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান’। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলায় গাংগপাড়া খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি।
কর্মসূচিতে আরও অংশ নেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তারা একযোগে খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিষ্কার রাখতে কাজ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সবার দায়িত্ব। সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, এই সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা, খাল, ড্রেন ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *