নেত্রকোণার কলমাকান্দায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার আসামি দেলোয়ার এবং দৌলত‘কে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন লতিফপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ।

এজাহার পর্যালোচনা এবং স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম মহিলা মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া- আসার পথে আসামিরা প্রায়ই ভিকটিমকে উত্যক্ত করত এবং অশালীন কথাবার্তা বলত । গত বছরের ১১ নভেম্বর ভিকটিম বিষয়টি তার মাকে জানায়। ঐদিন বিকেলে ভিকটিমের মা বিষয়টি মহিলা ইউপি সদস্যকে জানান। পরে, ভিকটিমের মা ইউপি সদস্যসহ আসামি মনির মিয়ার বাড়ীতে গিয়ে তার অভিভাবকদের বিষয়টি জানালে আসামি মনির মিয়া‘সহ তার পরিবারের লোকজন ইউপি সদস্যসহ ভিকটিমের মায়ের ওপর ক্ষিপ্ত হন । কথা কাটাকাটির একপর্যায়ে,আসামি মনির মিয়া‘সহ তার পরিবারের লোকজন ভিকটিমের মা এবং ইউপি সদস্যকে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে ভিকটিমসহ তার প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মা এবং মহিলা ইউপি সদস্যকে উদ্ধার করে পাশের বাড়ীতে নিয়ে আসেন। এ সময়, ভিকটিম তার মায়ের কাপড়-চোপড় নেওয়ার জন্য বাড়িতে গেলে আসামিরা সুযোগ বুঝে ভিকটিমের মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। ভিকটিমের ডাক-চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভিকটিমকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ০৩ জনের নাম‘সহ অজ্ঞাতনামা আরো ০২ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে একটি লিখিত অভিযোগ করেন। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানা পুলিশকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। যার মামলা নং-০৮, তারিখঃ ০৯/১২/২০২৩খ্রি., ধারাঃ ৭/৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ সু-কৌশলে তাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।
বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‍্যাব ১৪ অধিনায়ক ময়মনসিংহ এর নির্দেশক্রমে সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন লতিফপুর এলাকা থেকে দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় উক্ত মামলার অন্যতম আসামী ১। দেলোয়ার হোসেন (২২), পিতাঃ মোঃ সালাম মিয়া, সাং-জয়নগর, ২। দৌলত মিয়া (২৩), পিতা- হোসেন আলী, সাং- রাধানগর, উভয় থানাঃ কলমাকান্দা, জেলাঃ নেত্রকোণাদের‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের‘কে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব ১৪, ময়মনসিংহ গত ইং ২৯ ডিসেম্বর এই মামলার প্রধান আসামি মোঃ মনির মিয়া (২৪), পিতাঃ মোঃ নাজিমুদ্দিন, গ্রামঃ জয়নগর, থানাঃ কলমাকান্দা, জেলাঃ নেত্রকোনা‘কে গ্রেফতার করে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *