নীলফামারীতে গাড়িতে যাত্রীবেশে ওঠে সাফিয়ার রহমান (৫৫) নামে এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার (১২ মে) রাত সাড়ে ১২টার দিকে নীলফামারী পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

সাফিয়ার রহমান নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবেশে ইজিবাইকে ওঠে দুর্বৃত্তরা। এরপর জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে ব্যাটারী চালিত অটোটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় চালক সাফিয়ার তাদের বাধা দেন। এ সময় তাকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গোঙানির শব্দে আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে দারোয়ানীর মোড় নামক স্থানে পৌঁছালে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। রিকশাটি উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *