বিশেষ প্রতিনিধি
আশেক মাহমুদ শাকিল
ময়মনসিংহের ধোবাউড়ায় অভিনব কৌশলে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুধনই বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যানগাড়ি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানগাড়ির
উপরে ছিল মনোহারি দোকানের বিভিন্ন মালামাল, যার আড়ালে কৌশলে লুকানো ছিল ভারতীয় মদের বোতল। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এমন কৌশল ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় গাড়ির চালক বা মালিক কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ধোবাউড়া থানা পুলিশ জানায়, জব্দকৃত মদের বোতলের সংখ্যা ১২৯টি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধোবাউড়াকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তারা সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান, যেন এ ধরনের অপরাধ কার্যকরভাবে দমন করা যায়।
