সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়ের হওয়া অপহরণ মামলার ভিকটিমকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-১৪। একইসঙ্গে মামলার মূল অভিযুক্ত ইয়ামিন (২৫) কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত দেড়টার দিকে ভালুকা থানার ডাকাতিয়া ঢালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি আভিযানিক দল তাদের উদ্ধার ও গ্রেফতার করে।

*মামলার বিবরণ*
গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিমের মা কালিহাতী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-২৫, তারিখ-২৭ এপ্রিল ২০২৬, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।

এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত ইয়ামিন তার নিকটাত্মীয়। সেই সুবাদে সে নিয়মিত বাদীর বাড়িতে যাতায়াত করত এবং ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। বাদী তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে অপহরণের পরিকল্পনা করে।

গত ২০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টায় ভিকটিম প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ইয়ামিন বিয়ের প্রলোভন দেখিয়ে অন্য অভিযুক্তদের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়।

*র‍্যাবের অভিযান*
মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-১৪ গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে রাত ১টা ৩০ মিনিটে ভালুকার ডাকাতিয়া ঢালুয়াপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতার করা হয়।

*পরবর্তী ব্যবস্থা*
র‍্যাব-১৪ জানায়, উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং গ্রেফতারকৃত ইয়ামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *