মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাট উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ভায়া লক্ষীপুর মাদ্রাসার জমিতে এ অভিযান চালানো হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতেই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে থাকা ২টি এক্সকাভেটর (ভেকু) মেশিন অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চারঘাট, রাজশাহী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
