মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক কালাম তালুকদারের ওপর হামলার বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী মিনু খানম। বুধবার ১৮ মার্চ সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চার দফা দাবি উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে মিনু খানম বলেন, গত ১২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক ভোরের আলো পত্রিকার প্রতিনিধি ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কালাম তালুকদার। সভা চলাকালে তিনি হলরুম থেকে বের হলে করিডোরে ওত পেতে থাকা একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০–১২ জন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং নিচতলায় টেনে নেওয়ার চেষ্টা করেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গত ১৭ মার্চ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনো শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে জানান তাঁর স্ত্রী।
সংবাদ সম্মেলনে মিনু খানম অভিযোগ করেন, ‘ইউএনও কার্যালয়ের সামনে এমন ঘটনা ঘটলেও প্রশাসন এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সিসিটিভি ফুটেজ চাইলেও তা পাওয়া যাচ্ছে না, যা তথ্য গোপনের শামিল।’ তিনি আরও বলেন, ঘটনার সাত দিন পার হলেও পুলিশ এখনো তাঁদের লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানী ফোনে ঘটনার বিচার করার আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে চারটি দাবি জানানো হয়—অভিযোগটি দ্রুত এফআইআর হিসেবে গ্রহণ, অভিযুক্তদের গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল এবং সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ হটলাইন চালু।
মিনু খানম বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
