মোঃমোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ২০২৫ সালে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলতি বছর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মোট ১৮টি মামলা দায়ের হয় এবং শতভাগই নিষ্পত্তি হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এই বছরের মামলাগুলোর মধ্যে বাল্যবিবাহের ঘটনা না থাকলেও পারিবারিক কলহ, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, জমি-জমা সংক্রান্ত বিরোধ, যৌতুক সংক্রান্ত বিবাদ ও সামাজিক বিরোধ বেশি ছিল। এসব বিরোধ আদালতে না গিয়ে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে সমাধানের ক্ষেত্রে গ্রাম আদালত সক্রিয় ভূমিকা রাখে।
দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন নিজেই বাদী ও বিবাদী উভয় পক্ষকে নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা করে মীমাংসা করেছেন। তিনি আইনি জ্ঞানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধন বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এর ফলে অনেক ভাঙনের মুখে থাকা পরিবার আবার নতুন করে সংসার সাজাতে সক্ষম হয়েছে।
এক মামলার বাদী বলেন,
আমাদের পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল। চেয়ারম্যান সাহেব সবাইকে বসিয়ে এমনভাবে আলোচনা করলেন যে আমরা আবার শান্তিতে মিলেমিশে সংসার করছি।
একজন বিবাদী মন্তব্য করেন,
গ্রামে বসে দ্রুত এবং সম্মানজনকভাবে সমাধান হওয়ায় সকলেই খুশি।
চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,
গ্রাম আদালতের উদ্দেশ্য হলো মানুষের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়া। আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে আলোচনা করে মীমাংসা কার্যকর করতে, যাতে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।
স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করে বলছে, ইউনিয়ন স্তরেই সমস্যা সমাধান হওয়া গ্রাম আদালতের কার্যকারিতা প্রমাণ করছে এবং এটি অন্যান্য ইউনিয়নের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।
