মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

প্রশাসন সূত্রে জানা যায়, বাহিরবাগ এলাকায় কুমার নদ থেকে ‘আত্মঘাতী’ ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হঠাৎ অভিযান চালানো হলে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে নদীতে বসানো দুটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপলাইন ভেঙে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, নদী দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হবে, যাতে প্রাকৃতিক সম্পদ রক্ষা পায় এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ থাকে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *