নিরব হাসান
ময়মনসিংহ,

আমরা কিন্তু জামালপুর কিংবা জামালপুরের উন্নয়ন নিয়ে কোন কথা বলি নাই। জামালপুর থেকে আরও দশটা ট্রেন দেয়া হোক। তাতে আমাদের কোন ক্ষতি নেই বরং লাভ।
জামালপুরের উন্নয়ন মানেই ময়মনসিংহের উন্নয়ন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সম্মান জানাই। আমরা জামালপুর জনপদের উন্নয়ন বা অগ্রগতি নিয়ে কথা বলি নাই।

আমরা কথা বলেছি আমাদের ট্রেন বলতে ঐ একটাই। ময়মনসিংহ থেকে দ্বিতীয় কোন আন্তনগর ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়না।

এই একটা ট্রেনও কেটে নেয়া হচ্ছে!

জামালপুর থেকে ট্রেন ছেড়ে গেলে এটি ময়মনসিংহ উপর দিয়েই যাবে এটা স্বাভাবিক।
অন্য আন্তঃনগর ট্রেন গুলোও জামালপুর থেকেই ছাড়ে, আমরা ময়মনসিংহ থেকে উঠি। এতে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। এরকম আরও ট্রেন বৃদ্ধি করলে আমাদের কোন সমস্যা হবে না।

আমাদের ঐ একটাই ট্রেন। চোখ ঐ শেষ সম্বলের দিকে কেন?

আমাদের বলা হচ্ছে আমরা হীনমন্যতার পরিচয় দিচ্ছি। আমরা এমন কোন প্রকল্পের বাধা দিলাম যে আমাদের হীনমন্য বলছেন?

হীনমন্যতা যদি সৃষ্টি হয়েই থাকে তাহলে বলবো এটা শুরু করেছেন আপনারা।

আমাদের ক্ষুদ্র এবং একমাত্র সম্বলে হাত দিয়ে।
দুঃখিত জামালপুরের উন্নয়নের রূপকাররা।

আপনারা এলাকা ভিত্তিক বিদ্বেষ টেনে আনলেন।

আমরা প্রশাসনিক একটা সিদ্ধান্তের প্রতিবাদ করেছি। আর আপনারা আমাদের তুচ্ছতাচ্ছিল্য করছেন!

এখনো পর্যন্ত জামালপুর কিংবা অন্য কোন জেলার উন্নয়ন কিংবা অগ্রগতি নিয়ে আমরা কোন বাদ প্রতিবাদ করি নাই বরং ঐ অঞ্চলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাই। ঐ অঞ্চলের নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে বরং আমাদের অযোগ্য নেতৃত্বের সমালোচনা ও নিন্দা জানাই।

আমাদের ব্যর্থতার জন্য আমরা আমাদেরকেই দায়ী করি।

আপনারা বরং বিজয়ে হাত না দিয়ে নতুন একটা ট্রেন দাবী করতে পারতেন। রেলের ডিজি আপনাদের। তিনি চাইলেই একটা নতুন ট্রেন এই রুটে দিতে পারতেন। আর এর জন্য ইঞ্জিন এবং কোচ সবই আছে। নতুন করে কিনে আনতে হবে না। আমিতো মনে করছি রেলের ডিজি তার চাকরি জীবনের শেষ সময়ে এসে নিজেকে এলাকায় হিরো প্রমাণ করতে গিয়ে একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। তার এই হঠকারিতার জন্য জামালপুর এবং ময়মনসিংহের মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে।

চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি জামালপুরবাসীকে নতুন একটি ট্রেন উপহার দিয়ে সারা জীবনের হিরো থাকতে পারতেন। তা না করে তিনি ময়মনসিংহবাসীর সেন্টিম্যান্ট তথা আবেগের জায়গায় হাত দিয়ে একটি বিতর্ক তৈরি করে গেলেন।

নতুন ট্রেন দিয়ে তিনি শুধু জামালপুরবাসীরই নয় ময়মনসিংহ জেলা তথা ময়মনসিংহ বিভাগের হিরো হতে পারতেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *