ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
দেশের বেকার যুবকদের ডিজিটাল স্বপ্ন দেখানোর সরকারি প্রকল্প ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস (TECWAB)’ এখন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্নীতির চাকা’য় পরিণত হয়েছে। এমন অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা।
বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের বিজ্ঞপ্তি গোপন ও ভর্তিতে অনিয়মের প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। স্থানীয় যুব উন্নয়ন অফিসের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিশাল ব্যানার হাতে ঘন্টাব্যাপী প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় আন্দোলনকারীরা স্লোগান দেন “ঘুষের চাকা বন্ধ করো, ট্যালেন্টের কদর করো” “TECWAB-এর বাস কার পকেটে? জবাব চাই, জবাব চাই”।
অভিযোগকারীরা জানান, সরকারি প্রশিক্ষণ প্রকল্পের বিজ্ঞপ্তি গোপন রেখে অফিস থেকে পছন্দের লোকদের আবেদন করিয়ে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন।
ভুক্তভোগী ছাত্রী আদিবা জাহান বলেন, আমরা মফস্বলের বাসিন্দা। স্কিল শিখে ডিজিটাল যুগে এগোতে চাই। কিন্তু যুব উন্নয়ন অফিসে গেলেই মুখ ফিরিয়ে নেয়া হয়। বিনা পয়সার প্রশিক্ষণ হলেও যেন শুধু ভিআইপিদের সিলেকশন চলছে। আমাদের মতো মেধাবীরা সুযোগ না পেলে সরকারের এই সুন্দর উদ্যোগ সফল হবে না।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গোপন ভর্তি প্রক্রিয়া বাতিল করে নতুন ও স্বচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তারা সতর্ক করে বলেন, দ্রুত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। সরকারি প্রকল্প জনগণের, দুর্নীতিবাজদের নয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিহাবুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা, পৌর ছাত্রদল নেতা নোমান আল নওশাদ, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রিফদুল রোহান, মারুফ আল মাহমুদ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *