সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাঁচিঝুলি, মেহগুনি বস্তি এলাকায় স্বামীহারা ও হতদরিদ্র বেদেনা বেগম চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সম্বল বলতে ছিল একটি পুরনো টিনের ঘর, যা সম্প্রতি কালবৈশাখী ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এতে করে পরিবারসহ খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হন তিনি।
অসহায় এই নারীর দুর্দশার খবর পেয়ে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরমান গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে ছুটে যান। তিনি বেদেনা বেগমের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান এবং নতুন করে একটি ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন বেদেনা বেগম। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আরমান দ্রুত উদ্যোগ নেন এবং নিরাপদ বাসস্থানের আশ্বাস দেন। ইতোমধ্যে ঘর নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে বলে জানা গেছে।
এ সময় আসাদুজ্জামান আরমান বলেন, “সমাজের সামর্থ্যবান মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করছি।”
স্থানীয় এলাকাবাসী তার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা আরও জোরদার করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *