মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, থানায় বাদীকে মারধর, কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা, এবং এক পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়।
এর আগে, শিবলী কায়সারের বিরুদ্ধে রাঙ্গামাটিতে কর্মরত অবস্থায় পুলিশ সুপারকে থাপ্পড় মারার অভিযোগসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। এছাড়া, রাজনৈতিক মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে বিলম্ব করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগও রয়েছে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে ও বিপক্ষে আলোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত, পুলিশের অভ্যন্তরীণ তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে রংপুর থেকে প্রত্যাহার করে হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়।
