হিজলা (বরিশাল) প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক উৎপল ঘোষের নেতৃত্বে উপজেলার ১৪টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। মহা আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়া দশমীর দিনে অধ্যাপক উৎপল ঘোষ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বস্ত্র বিতরণকালে আহবায়ক অধ্যাপক উৎপল ঘোষের সাথে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাপ্পী দে এবং যুগ্ম সম্পাদক কার্তিক সরকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণকালে অধ্যাপক উৎপল ঘোষ বলেন, “উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বিজয়া দশমীর এই পুণ্য তিথিতে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।”
উপজেলার ১৪টি মন্দিরের দুস্থ ও সাধারণ ভক্তদের মাঝে এ বস্ত্র বিতরণ করায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন কমিটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
