আরিফ রব্বানী
ময়মনসিংহ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার কামরুল হাসান।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে জেলার ভালুকা উপজেলায় বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন শেষে ত্রিশাল উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসন, ময়মনসিংহ ও জেলা পুলিশ ময়মনসিংহ এর সমন্বয়ে গঠিত যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পূজা উদযাপন নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য অটুট রেখে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেলা পুলিশ সুপার কামরুল হাসান বলেন- জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বিশেষ করে পূজামণ্ডপকেন্দ্রিক যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের কোনো তথ্য নজরে এলে তা যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান পুলিশ সুপার বলেন প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেলে তা র্যাবকে জানানোর অনুরোধ করা হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে স্থানীয় পূজা উদ্যাপন সংশ্লিষ্টদের মধ্যে উৎসবের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্যাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজ্ হাসনাত জাহান খান,অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ত্রিশাল উপজেলায় পৌছলে তাদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ হাসনাত জাহান খান ও অফিসার ইনচার্জ ওসি মনসুর আহমেদ।
