মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে দুইজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ ইং ) বিকেল ৪টা ২৫ মিনিটে হাজীরহাট থানাধীন মন্থনা ভাংডির পাড় এলাকায় একটি পানি উত্তোলনের সেচ পাম্পের পেছনে জুয়া খেলার আসরে অভিযান চালানো হয়।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জুয়া খেলার আসর থেকে মোঃ মাহাবুল হক (৩৩) ও মোঃ জাহেদুল ইসলাম (৪৫) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা উভয়েই হাজীরহাট থানাধীন মন্থনা (টেনারী পাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক হাজীরহাট থানায় নিয়ে এসে থানা হাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৯/২৬ রুজু করা হয়েছে। মামলাটি রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯৩ ধারায় দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
