ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক হয়েছেন বলে জানা গেছে। যদিও পুলিশ সূত্রের দাবি নিরাপত্তার খাতিরেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ঢাকা হেডকোয়ার্টারে নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সাবেক এমপির রুহিয়ার নিজ বাসভবন থেকে ডিবির কিছু সংখ্যক সদস্য তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডলও সঙ্গে ছিলেন।

এ বিষয়ে রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান, কিছু লোক এসে জানাল তারা ঢাকা থেকে এসেছে। সাবেক এমপি বাসায় আছে কি না জিজ্ঞাসা করে তারা। পরে রুমে ঢুকে রমেশ চন্দ্র সেনকে তারা গাড়িতে তুলে নিয়ে যায়। তিনি শারীরিকভাবে অসুস্থ বলার পরেও তারা কোনো কথা শোনেননি বলে অভিযোগ করেন তার স্ত্রী।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম কিছু জানেন না বলে জানান।

তবে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল রমেশ চন্দ্রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার হেডকোয়ার্টার থেকে কয়েকটি গাড়িযোগে সাদা পোশাকে ডিবির সদস্যরা এসে তাকে নিয়ে গেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি।

রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত।

উল্লেখ্য, সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *