মোঃ ইমরুল আহসান
২৭/০৯/২৩ খ্রিঃ তারিখে শেরপুরে জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী থানাধীন টেংরাখালী মোড়স্থ জনৈক আরিফ হাজীর দোকানের সম্মুখ হতে ০২ টি জীবিত তক্ষক উদ্ধারসহ বন্যপ্রাণী চোরাচালানী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয় তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
পুলিশ সুপার বিবৃতিতে বলেন শেরপুর জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর পুলিশ পরিদর্শক জনাব আব্দুল কাদের মিয়ার নির্দেশনায় এসআই মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ২৭ সেপ্টেম্বর বুধবার রাতে মাদকবিরোধী অভিযানে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ব্রিজের উপর অবস্থান করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক চোরাচালানের সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার টেংরাখালি মোড় এলাকায় অভিযান চালিয়ে আরিফ হাজীর দোকানের সামনে দুটি জীবিত তক্ষক উদ্ধারসহ আসামী ১। মোঃ রুহুল আমিন মন্ডল (৫২), পিতা- মৃত জামাল উদ্দিন, সাং- পাটকৃষ্ণপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর। ২। মোঃ আবু সায়েম (৪৭), পিতা- মৃত শামছুল হক, সাং- নাজিরদহ, থানা- কাউনিয়া, জেলা- রংপুর। ৩। মোঃ আশরাফুল ইসলাম (৪২) পিতা-মৃত আঃ আজিজ, সাং- রাজাপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান সহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
