মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নরেশ চাকমা হাজীরহাট থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি হাজীরহাট থানা পরিদর্শনে যান। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার, পরশুরাম জোনের জোবায়ের ইসলাম এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার থানার সার্বিক কার্যক্রম, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্রের হালনাগাদ অবস্থা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ ধরনের নিয়মিত পরিদর্শন পুলিশের জবাবদিহিতা, স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রমের মানোন্নয়ন এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখে।
পরিদর্শন শেষে তিনি হাজীরহাট থানার কর্মকর্তা ও সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও পুলিশের প্রতি জনআস্থা অটুট রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সুশৃঙ্খল, জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশি কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
