মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশা উদ্ধার এবং এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া সবুজবাগ এলাকার এক বাসা থেকে একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশা চুরি হয়। চুরি হওয়া অটোরিকশাটির লাইসেন্স নম্বর ছিল রসিক-৪৯১২ এবং এতে ৪টি নতুন পানির ব্যাটারি ছিল। যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ নিলুফার ইয়াসমীন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মোঃ জাহাঙ্গীর আলম (২৭) নামের এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মিশুকটির পেছনে “আনাস হাফসা পরিবহন” লেখা ছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে।
বর্তমানে কোতয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
