আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের বাসিন্দা আনসার সদস্য বাবুল মিয়াকে কটূক্তির অভিযোগে আটক করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মঙ্গলবার তাকে আটক করে কলসিন্দুর মাদ্রাসায় নিয়ে যায় স্থানীয় তৌহিদি জনতা।
স্থানীয়রা জানান, চার দিন আগে পঞ্চনন্দপুর এলাকায় এক চায়ের দোকানে বসে বাবুল মিয়া মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ঘটনার সূত্র ধরে মঙ্গলবার তাকে কলসিন্দুর বাজারে দেখতে পেয়ে মাদ্রাসার ছাত্ররা ওই মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে ধরে নিয়ে কলসিন্দুর মাদ্রাসায় আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও উজ্জ্বল হোসেন এবং থানার ওসি আল মামুন সরকার। ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, বাবুল মিয়াকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
