মোঃ ইমরুল আহসান
১২ জুলাই ২০২৩ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের কল্যাণ শেডে ময়মনসিংহ রেঞ্জের সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সার্জেন্টদের সংবর্ধনা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম। এছাড়াও নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ২০২২ সালে প্রদত্ত বাংলাদেশ পুলিশে সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ময়মনসিংহ রেঞ্জের আওতায় সর্বমোট ১৯৮০ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে মোট ৬৪১ জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এদের মধ্যে মোট ৫৭ জন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন। সদ্য নিয়োগপ্রাপ্ত এই পুলিশ সার্জেন্টদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি তাদেরকে ফুল এবং আইন বিষয়ক বই উপহার দিয়ে সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি, সম্মানিত অতিথিবৃন্দ সকলকে তাদের পরবর্তী কর্মজীবনকে সুন্দর ও সাবলীল করা ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে তারা সম্পূর্ণ দূর্নীতিমুক্ত পদ্ধতিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ বাহিনীতে নিয়োগ লাভ করায় গর্ব ও আনন্দ প্রকাশ করেন এবং সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আগামী ১৬ জুলাই তারা পূর্ণরূপে চাকরিতে যোগদান করবেন এবং এরপর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে তাদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ আরম্ভ হবে।
