নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহে স্থানীয় সাংবাদিক ও পত্রিকার
সম্পাদক ওমর ফারুকের বাড়িঘরে ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, দৈনিক ময়মনসিংহ দিগন্ত ও কিষাণের দেশ পত্রিকার সম্পাদক ওমর ফারুকের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতা শহীদ ও তার সহযোগীরা এ হামলা চালিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা কেটে ফেলে।
ভুক্তভোগী ওমর ফারুক জানান, হঠাৎ করেই একদল লোক এসে তার বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে তার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
