মামুন মিঞা
ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি ৬টি মেহগুনি গাছ কেটে চুরি করে বিক্রি করার সময় ধরা পড়েছে ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে।
মঙ্গলবার বিকেলে আলগী ইউনিয়নের ছোট খারদিয়া সড়ক থেকে গাছগুলো উদ্ধার করা হয় । গাছের মুল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় বুধবার দুপুরে আলগী ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৫৩ নং ছোট খারদিয়া এলাকায় ভূমি অফিসের নামে একটি সরকারি বাগান বা হালট রয়েছে।
বাগানে বিভিন্ন ধরনের ফলজ,বনজ সহ একাধিক বড় বড় মেহগনি গাছ রয়েছে। গত ২২ আগষ্ট সকালে স্থানীয় জলিল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন লোক বড় বড় ৬টি মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে।
সংবাদ পেয়ে ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখে বাঁধা দেয় । তখন জলিল মাতু্ব্বরের সাথে আলমগীরের বাকবিতন্ডা হয়।
অতঃপর গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ওই ৬টি মেহগনি গাছের ৯টি খন্ড বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার খবর পেয়ে উপ-সহকারী ভুমি কর্মকর্তা হাতেনাতে ধরে ফেলে এবং গাছ গুলো উদ্ধার করে।
এ ব্যাপারে আলগী ইউনিয়নের উপ- সহকারী ভুমি কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান, আমাদের সরকারী জায়গা থেকে ৬টি গাছ মেহগনি গাছ কেটে ফেলে স্থানীয় জলিল মাতুব্বর ও তার লোকজন। ঘটনাস্থলে গিয়ে গাছ সহ সবাইকে হাতেনাতে ধরে ফেলি।
মঙ্গলবার বিকেলে সেই গাছ গুলোই নসিমনে করে বিক্রি করার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে খবর পেয়ে গাছ গুলো উদ্ধার করি। এ ঘটনায় ছোট খারদিয়া গ্রামের মৃত্যু আরব মাতুব্বরের পুত্র জলিল মাতুব্বরকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয় জলিল মাতুব্বর বলেন,
জায়গাটি বর্তমানে সরকারি জায়গা হলেও পূর্বে জায়গাটি আমাদের দখলে ছিল। গাছগুলো অনেক বড় হয়েছে, তাই কেটে ফেলেছি।
এব্যাপারে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন,সরকারী গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
