নিউজ ডেস্ক
ফরিদপুরের সদ্য অপসারিত পৌর মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক নম্বর আমলি আদালতের বিচারক নাসিম আহমেদ কোতোয়ালী থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
এ মামলার বাদি হলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান।
বাদির আইনজীবী অ্যাডভোকেট শাহ আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালী থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ২০২০ সালে বরকত ও রুবেল দুই ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামী।
উল্লেখ্য, অমিতাভ বোস ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং সামচুল আলম চৌধুরী কোতয়ালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
