খুলনার পাইকগাছার রাড়ুলীতে পরিবারের সদস্যদের সংজ্ঞাহীন করে সর্বস্ব লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেরদৌস ঢালী (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ফেরদৌস উপজেলার চাঁদখালীর মৌখালী এলাকার মৃত ইউসুফ ঢালীর ছেলে।
রোববার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৌখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার রাড়ুলীতে একই পরিবারের চারজনকে সংজ্ঞাহীন এবং একজনকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেরদৌস ঢালীর সম্পৃক্ততা পেয়ে শনিবার রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, উপজেলার রাড়ুলীতে চেতনানাশক ছিটিয়ে সংজ্ঞাহীন করে লুটের ঘটনায় সম্পৃক্ততায় ফেরদৌস ঢালী নামের একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি আরো চাঞ্চল্যকর তথ্য দিলেও পুলিশি তদন্তের স্বার্থে এখনি বিস্তারিত জানানো যাচ্ছে না।
