সাগর সরকার (জয়)
খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি
ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) করে চারটি চোরাই গরু নেওয়ার পথে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে নেত্রকোণার খালিয়াজুরীর নৌ-পুলিশ। এসময় এ চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত চোর নেত্রকোণা সদর উপজেলার রৌহা গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪০)।
জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ধনু নদে ট্রলারে করে নেওয়ার সময় টহলরত নৌ-পুলিশের সন্দেহ হলে পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বহনকারী ট্রলারের গতি বাড়িয়ে দেওয়া হয়। পরে ধাওয়া করে ওই নদীর নাওটানা নামক স্থান থেকে গরুসহ নৌকা ও চোর চক্রের এক সদস্যকে আটক করে নৌ-পুলিশ।
খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশে ইনচার্জ মো. আব্দুল সালাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃত ব্যক্তি গরুগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রামের কাজী হোসেন মিয়ার ছেলে মো লিটন মিয়ার বলে জানিয়েছে।
গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা- এমন প্রশ্নে নৌ-পুলিশের ইনচার্জ বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের সম্পন্ন শেষে আটক জুয়েল মিয়াকে জেলা আদালতে পাঠানো হবে। আলদালত থেকে গরুর মালিক উপযুক্ত প্রমাণ দিয়ে নিজ হেফাজতে আনতে পারবেন বলে জানান তিনি।
