বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা, হারিয়ে যাওয়া সহপাঠীদের এক সুতোয় গাঁথা এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯১ ও ১৯৯৩ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু আড্ডা ও বন্ধু মিলনমেলা।
রবিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহরের মোক্তারপাড়ায় অবস্থিত মধুমাছি কচিকাঁচার মেলা বিদ্যানিকেতন মাঠ এবং নেত্রকোনার ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিতালী সংঘ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শত শত প্রাক্তন শিক্ষার্থীর পদচারণায়। এসএসসি ৯১ ব্যাচ ও ‘আমরা ৯৩ নেত্রকোনা জেলা’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ সহপাঠী অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন পর একত্রিত হওয়া বন্ধুদের মাঝে ছিল উচ্ছ্বাস, আবেগ ও নস্টালজিয়ার মিশেল। দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা, গল্প বলা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফিরে যান তাদের কৈশোর ও তারুণ্যের সোনালি দিনগুলোতে।
অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে ‘আমরা ৯৩ নেত্রকোনা জেলা’-এর সমন্বয়ক সারোয়ার খান পাঠান বলেন, “বন্ধুত্বের এই বন্ধনকে সমাজকল্যাণমূলক কাজে লাগাতে চাই। বিশেষ করে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি প্রতি বছর এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।”
এসএসসি ৯১ ব্যাচের সমন্বয়ক মোঃ আজহারুল ইসলাম মাসুদ, ব্যাচ সহপাঠী মোঃ আব্দুল হাই ফরাজী ও হুমায়ূন কবীর বলেন, “বন্ধুদের এই ঐক্য শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; আমরা অসহায় মানুষের কল্যাণে এবং নেত্রকোনার সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।”
অনুষ্ঠানস্থলে টানানো ব্যানারে লেখা ছিল— ‘লোকজভূমি আমাদের, নেত্রকোনার কথা ধরে রাখতে হবে।’ আরেকটি ব্যানারে ফুটে উঠেছিল বন্ধুত্বের চিরন্তন দর্শন—
‘বন্ধু মানে তুমি আমি,
বন্ধু মানে তৃপ্তি,
বন্ধু মানে ভালোবাসা,
অলিখিত চুক্তি।’
এই মিলনমেলা কেবল পুরোনো বন্ধুদের পুনর্মিলনের উৎসবই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং নিজ জেলার প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ হিসেবেও অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *