বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরসভার বহিরাচাপড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া মালিকানাধীন জমি জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গত কাল রবিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. সফিকুল ইসলাম জানান, বহিরাচাপড়া এলাকায় তাদের প্রায় ১০০ বছরের পুরনো পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী কুচক্রী মহল ভুয়া দলিল ও জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তারা আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (এডিএম কোর্ট) ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন (মামলা নং: ৯০৫/২০২৫)।
অভিযোগ করা হয় যে, আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২৪ জানুয়ারি কুচক্রী মহলটি আমিন নিয়ে অবৈধভাবে জায়গাটি দখল করতে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার ওসি (অপারেশন) ওয়াসিম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং কাজ বন্ধ করে দেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, কুচক্রী মহলটি মৃত নবী হোসেনের ভুয়া ওয়ারিশ সেজে এবং জাল বিআরএস পর্চা তৈরি করে আদালতে আপিল করেছে, অথচ নবী হোসেনের প্রকৃত ওয়ারিশরা এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি জানাজানি হলে তারা মামলা প্রত্যাহারের দাবি জানালেও প্রতিপক্ষ পেশিশক্তির জোরে বারবার জমিতে হামলার চেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় নিজেদের জানমাল ও পৈতৃক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম, রুহুল আমিন, সোহেল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
১. সফিকুল ইসলাম
২. রুহুল আমিন
৩. সোহেল বাশার
৪. মানিক মিয়া
৫. সোহরাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সংবাদ সম্মেলন জেলার অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *