শুক্রবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়াকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃ*ত আফছার উদ্দিন বসুনিয়ার ছেলে এবং কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বড়ভাই সাইদুল ইসলাম বসুনিয়ার (৬৫) সঙ্গে সিরাজুল ইসলাম বসুনিয়ার জমি নিয়ে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল ইসলাম বসুনিয়া তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে সিরাজুল ইসলাম বসুনিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সিরাজুল ইসলামের ডান হাত ও বুকে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন, গু*লি*বিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়া কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইদুল ইসলাম বসুনিয়াসহ তাঁর বাড়ির লোকজন গা–ঢাকা দিয়েছেন।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, সাইদুল ইসলামের শ*টগা*নটি লাইসেন্স করা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।
