নিজস্ব প্রতিনিধি
০৩ জুন ২০২৩ ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকায় নান্দাইল থানাধীন কানুরামপুর এলাকায় নান্দাইল সরকারি পলিটেকনিক কলেজের সামনে পাকা রাস্তার উপর ইজিবাইক চালক মো: রুবেলকে (৩২) কয়েকজন অজ্ঞাত ছিনতাইকারী চাপাতি এবং চাকু দিয়ে ভয়ভীতি দেখায় এবং মারপিট করতে শুরু করে। চালক রুবেলের চিৎকার শুনতে পেয়ে জবগণ নান্দাইল থানা পুলিশের রাত্রিকালীন টহল দলকে খবর দেয় এবং এসআই (নি:) মো: মোস্তাক আহমেদের নেতৃত্বে তারা স্থানীয় জনগণের সহযোগিতায় অটোসহ দুইজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। অটো চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে তাদের নাম পরিচয়সহ অন্য দুইজন পলাতক আসামীদের পরিচয়ও জানা যায়। গ্রেফতারকৃত দুজন আসামী হল-
হৃদয় সানি, পিতা-আনিফা হানিফা, সাং- হালুয়াপাড়া, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, ও হাবিব (২৬), পিতা- মৃত জসিম উদ্দিন, সাং- পানান, থানা- ঈশ্বরগঞ্জ-সহ দুই পলাতক আসামীর বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা নং-০৭, তারিখ-০৪/০৬/২৩ ইং, ধারা-৩২৮/৩৯৪ পেনাল কোড, রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি চাপাতি এবং ০১ টি চাকু উদ্ধার করা হয়েছে।
আসামীরা আন্ত:জেলা ছিনতাই চক্রের সদস্য বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
