আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় হোসাইন(১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার বলরামপুর গ্রামের ডগরা বিল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ। রহস্যজনক এই মৃত্যু ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, হোসাইন গত বুধবার( ১ অক্টোবর) থেকে নিখোঁজ ছিল। শনিবার দুপুরে ডগরা বিলে স্থানীয়রা অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা হোসাইনের লাশ সনাক্ত করে। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট সার্কেল সাগর সরকার। স্থানীয়রা জানান,গুজিরকান্দি গ্রামের মৃত হোসাইনের সাথে বলরামপুর গ্রামের জালাল উদ্দীনের মাদরাসা পড়ুয়া মেয়ে হ্যাপি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এই ঘটনায় মেয়ের পরিবার মানতে না পেরে হোসাইনকে হত্যা করে। মেয়ে হ্যাপী আক্তার বলেন, মাদরাসা থেকে আসা যাওয়ার পথে হোসাইন বিভিন্ন সময় ডিস্টার্ব করতো। প্রায় সময়ই আমাদের বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতো। কিন্তু কিভাবে মারা গেছে সে বিষয়ে কিছু জানি না। এই ঘটনার সাথে আমরা জড়িত না বলে দাবি করেন মেয়ের মা। মৃত হোসাইনের পরিবারের দাবি হ্যাপি আক্তারের সাথে তার প্রেমের সর্ম্পক ছিল, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে করেছি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
