মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের পণ্য ও উদ্যোগের প্রশংসা করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি উন্নত ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীর শিক্ষা বিস্তার, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা জোরদার করা এবং নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

এ সময় বক্তারা লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনা সভায় দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *