স্থানীয় প্রতিনিধি

নীলফামারীতে তৃতীয় শ্রেণীর এক শিশু (৮) ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১লা মার্চ) দুপুরে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সদরের টুপামারী উত্তর ফকিরপাড়ার একটি স্কুলের তৃতীয় শ্রেণী ছাত্রী।

গ্রেফতারকৃতরা হলেন- ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে হাফেজ মো. নাহিদুল ইসলাম নাহিদ (২২) সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের মৃত তফিরত আলী শাহ ফকিরের ছেলে শাহাদাত ফকির (৪৫) ও একই গ্রামের মৃত নফসীর আলীর ছেলে শফিয়ার রহমান (৬৫)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৬ ফেব্রুয়ারি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামে একটি ওয়াক্তিয়া নামাজ ঘরে নামাজসহ ছেলে-মেয়েদের আরবি পড়াতেন ধর্ষণে অভিযুক্ত হাফেজ মো. নাহিদুল ইসলাম নাহিদ।

সেখানে তার খাওয়ার সুবিধার্থে স্থানীয়রা পর্যায়ক্রমে তাকে খাওয়াতেন। ঘটনার দিন দুপুরে তাকে খাবার দিতে যান ৮ বছরের শিশুটি। তাকে ফুসলিয়ে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করেন নাহিদ।

ভুক্তভোগীর মামি বলেন, আমার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে ভাগ্নি। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে এমন ঘটনা ঘটলে আমরা জানতে পারি সন্ধ্যার সময়। পরে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখে কয়েকজন। ভাগ্নির অবস্থা বেগতিক হলে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম বলেন, ‘আট বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *