সজীব আল হাসান
রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে আজ সোমবার (৮জানুয়ারি) সন্ধ্যার পর পরেই ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাজশাহী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে এসেছেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথা থেকে কীভাবে এই আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা যায় যে, আরডিএ মার্কেটের দক্ষিণপাশের সামনের গেট থেকে এ আগুন লেগেছে। এই মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকান রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে আরডিএ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আরডিএ মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
