মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানাধীন এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর আদর্শ গ্রামের রাস্তার পাশে বাঁশঝাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হাফিজ হায়দারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে জুয়া খেলার আসর থেকে আব্দুল হামিদ (৫০), মোঃ কাওছার আলম (৬২) ও মোঃ ওয়াজেদ আলী (৪৯) নামের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন বখতিয়ারপুর আদর্শ গ্রামের এবং অপরজন জগদীশপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস এবং জুয়ার নগদ ৭৫৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৮/২৬, তারিখ ১২/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৯৩ রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় কোনো ভিকটিম নেই এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
