মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫ ইং, বৃহস্পতিবার, সকাল ১১টায়, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে, ই-ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় সহজীকরণ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রতিনিধিরা।
পূর্বে শুধুমাত্র ইউসিবি ব্যাংকের উপায় (Upay App) এর মাধ্যমে ট্রাফিকের জরিমানা পরিশোধ করা যেত। তবে, নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে বাংলাদেশের সকল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট সহ অন্যান্য মোবাইল ফাইন্যান্স এবং পেমেন্ট অ্যাপের মাধ্যমে জরিমানা পরিশোধ করা যাবে।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো জনগণের জন্য জরিমানা পরিশোধ প্রক্রিয়া সহজতর করা, জনভোগান্তি হ্রাস করা এবং ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমকে আরও আধুনিকায়ন করা। উল্লেখ্য, আদায়কৃত এই জরিমানার অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা হবে।
জনসাধারণের সেবা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পক্ষ থেকে এমন পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এই উদ্যোগের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধ আরও সহজ এবং স্বচ্ছ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
