মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পনগরী সংলগ্ন মাঠে জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রিজভী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রহমত সিকদার আক্কু, সদস্য মো. সজীব শেখ ও কাজী তাছিন (তাসকিন)।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
