মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করেছে। বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি দুর্গাপুর উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মোঃ মাহাবুব রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মোঃ জাহাঙ্গীর আলম দুর্গাপুর থানাধীন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের সঙ্গেও জড়িত। গত মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজ হিসাব হতে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভিতরে টাকাগুলো রেখে গাড়িতে তালা দিয়ে বাসার দ্বিতীয় তলায় চলে যান।
এসময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং গাড়ির ভেতরে রাখা নগদ ১২ লাখ টাকা নেই।
ঘটনার পর জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় পেনাল কোডের ৪৪৮/৪২৭/৩৮০ ধারায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করে।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির ঘটনা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাদীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভিতরে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *