সাদিকুর রহমান
রাজশাহীতে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)। রোববার রাজশাহী র‍্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরুণীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আরিয়ান শাফীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট তাঁরা নগরীর ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান তাঁর বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে ওই তরুণীকে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাঁদের ব্যাপারে জানতে চাইলে আরিয়ান ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং এরপর পিয়াম ও শান্তও তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁরা ঘটনাটির ভিডিও ধারণ করেন।

ধর্ষণের পর তরুণীকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। পরে ৩ সেপ্টেম্বর আরিয়ান মেসেঞ্জারের মাধ্যমে তরুণীকে ধর্ষণের ভিডিও পাঠিয়ে পুনরায় দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকিও দেওয়া হয়।

৪ সেপ্টেম্বর তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শনিবার রাতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *