মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) অবৈধভাবে মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ ঘাটে বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘মেসার্স দুই ভাই ট্রেডার্স’-এ অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটিতে ৩ হাজার লিটার ডিজেল মজুদ পাওয়া গেলেও বিক্রয়ের বৈধ কাগজপত্র বা তেলের উৎস সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি মালিক মোহাম্মদ আব্দুল্লাহ (৬০)।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও নাজমুস সাদত রত্ন জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির চেষ্টা করছে—এই ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ অবৈধভাবে তেল মজুদ বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে রাজশাহীর বিভিন্ন উপজেলায় নজরদারি জোরদার করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *